Main Menu

সিলেটে পরিবহন ধর্মঘট চলছে, মানুষের দুর্ভোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বুধবার সকাল ৬টা থেকে সিলেটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে সিলেট থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। নগরীতেও যানবাহন চলাচলের সংখ্যা কম। এদিকে, আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।
ব্যবসায়ী আব্দুল মতিন জানান, বুধবার ভোর থেকে পরিবহন ধর্মঘট ডাকা হলেও মূলত মঙ্গলবার রাত থেকে দেশের অন্যান্য স্থানের সাথে সিলেটের যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে তিনি মঙ্গলবার রাতে ঢাকায় যেতে পারেননি। রেলস্টেশনে গিয়েও কোন টিকেট পাননি বলে জানান ওই ব্যবসায়ী
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুসা জানান, সিলেটে শান্তিপূর্ণ ধর্মঘট চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেটের দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি হোটেল দখল নিয়ে পরিবহন শ্রমিকদের ওপর হামলা করা হয়েছে- এমন অভিযোগ এনে বুধবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিহন শ্রমিক নেতারা।
মঙ্গলবার বিকেলে দক্ষিন সুরমার কদমতলীর হোটেল তাজমহলের দখল নিয়ে পরিবহন শ্রমিক ও আওয়ামী লীগের কয়েকজন নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শাহীনসহ অন্তত ৫জন আহত হন। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে বৈঠক শেষে এই ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক। একই সাথে পরিবহন শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানান তিনি।

Share





Related News

Comments are Closed