Main Menu

‘বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২-১৪ জানুয়ারি’ ‍

বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী ১২ জানুয়ারি। ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে এ ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ১২ থেকে ১৪ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সচিবালয়ে এ বিষয়ে আয়োজিত এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এমন তথ্য জানান।

তিনি বলেন, ইজতেমার এই পুরো সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবারের মতো এবারও যাতে সুন্দর ও নিরাপদভাবে ইজতেমা শেষ করতে পারি, সেজন্য আরও কিছু করার প্রয়োজন আছে কিনা, এজন্য সবার সঙ্গে আলোচনা করেছি।

ইজতেমাস্থলে প্রতিবারের মতো এবারও ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, আনসার ও প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী থাকবে। নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছুই সেই মাঠে রাখব।

বিদেশি মেহমানদের জন্য তাবলিগ জামাত থেকে যে ভিসা দেওয়া হয় তা নিয়ে আসতে হবে। আর যেখানে দূতাবাস নেই সেখানে ৩০ দিনের ভিসা দেবো। বিদেশি মেহমানদের জন্য আর্চওয়েসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশিরা যেভাবে অংশ নেয় ইজতেমায় রোহিঙ্গারাও সেভাবে অংশ নিতে পারবে।

ইজতেমার অন্যান্য প্রস্তুতি তুলে ধরে মন্ত্রী বলেন, আখেরি মোনাজাতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed