Main Menu

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকাল পৌনে ৬টায় এই ফল প্রকাশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আব্দুর রশিদ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে সরকারি ৩১টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের মোট ৩ হাজার ৩১৮টি আসনের বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ১৩২ জন। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন দু’জন। তাদের নম্বর ৯০.০৫। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পাস নম্বর ছিল ৪০।

মোট ৩ হাজার ৩১৫জন পরীক্ষার্থী সরকারি ৩১ মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

বর্তমানে সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩১৮ এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৫০ টি আসন রয়েছে।

উল্লেখ্য, ৬ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারাদেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া, পরীক্ষার্থীদের মোবাইলেও ফল জানিয়ে দেওয়া হবে।

Share





Related News

Comments are Closed