এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি
বৈশাখী নিউজ ডেস্ক: অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একথা জানিয়েছেন।
এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, অসুস্থতার কথা উল্লেখ করে একমাসের ছুটি চেয়েছেন তিনি (প্রধান বিচারপতি)। তবে, আবেদনপত্রটি এখনো আমার কাছে আসেনি’।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধান বিচারপতির ছুটি চাওয়ার খবরটি সঠিক। আমি যতদূর জানি, উনি (বিচারপতি সিনহা) আগামীকাল থেকে ছুটিতে যাবেন। মঙ্গলবার (০৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অন্য বিচারপতিরা বসবেন’।
বিচারপতি সিনহা ছুটিতে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।
বিচারপতি সিনহার চাকরির আরও তিন মাস বাকি আছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রয়েছে তার চাকরির মেয়াদ। ২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া বিচারপতি সিনহা এই বছর সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর থেকে ক্ষমতাসীনদের তীব্র সমালোচনার মুখে পড়েন।
এক মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে মঙ্গলবার। খোলার পরই বিচারপতি সিনহাকে অপসারণের দাবিতে আন্দোলনের হুমকি রয়েছে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের। তার আগেই মঙ্গলবার থেকে ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে বিচারপতি সিনহার আবেদনের কথাটি প্রকাশ পেল।
Related News
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More



Comments are Closed