Main Menu

নাফ নদী থেকে আরও ৫ রোহিঙ্গার লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ নাফ নদীর মোহনা থেকে আরও পাঁচ জন রোহিঙ্গা নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শাহপরীরদ্বীপস্থ মাজারপাড়া, মিস্ত্রিপাড়া ও পশ্চিমপাড়া নাফ নদীর গোলারচর মুখ থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবির ঘটনায় এই পাঁচ জনের মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফ শাহপরী ইউনিয়ন পরিষদের সদস্য ফজল হক ও নূরুল আমিন জানান, সকালে তিন শিশু ও দুই নারীর মৃতদেহ সাগর তীরে পাওয়া যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, তীরে পাঁচটি লাশ পড়ে রয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। এবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মিয়ানমারে নতুন করে সহিংস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে ৬৩ রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে।

প্রসঙ্গ, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্য বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে হাজার হাজার রোহিঙ্গা। এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণ ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর। কিন্তু, এর কোনও তোয়াক্কা না করে রাখাইনে ফের সেনা মোতায়েন করলে বিদ্রোহী গ্রুপের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ে সে দেশের সেনা বাহিনী ও পুলিশ।

Share





Related News

Comments are Closed