Main Menu

দুদকের মামলায় রানার ৩ বছরের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল না করায় সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। এ সময় রানা আদালতে উপস্থিত ছিলেন।

রানা প্লাজার কর্ণধার সোহেল রানা, তার স্ত্রী এবং পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছিল দুদক। কাশিমপুর কারাগার থেকে ২০১৫ সালের ২৬ এপ্রিল সোহেল রানা সম্পদের হিসাব বিবরণী ফরমে কোনো তথ্য না দিয়ে তা ফেরত পাঠান। এরপর ওই বছরের ২০ মে সোহেল রানার বিরুদ্ধে দুদক এ মামলা করে।

রায় ঘোষণার পর দুদকের আইনজীবী এম এ সালাউদ্দিন ইস্কান্দার বলেন, তারা এ রায়ে সন্তুষ্ট।

আর বাদীর আইনজীবী ফারুক আহম্মদ বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ২৯ এপ্রিল বেনাপোলে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন রানা। রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১৭৫ জন প্রাণ হারান। অনেকে আহত হন। হতাহতের বেশির ভাগই পোশাকশ্রমিক।

সোহেল রানার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে এসব মামলায় কারাগারে আছেন তিনি।

Share





Related News

Comments are Closed