Main Menu

সিলেটে অবৈধ পশুর হাট উচ্ছেদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানায় জায়গা দখল করে বসানো কোরবানির অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন আবাসন হাউজিংয়ের ভেতরে বসানো গরুর অবৈধ হাটটি উচ্ছেদ করা হয়।
গরুর গাড়ি ছিনতাইয়ের শিকার মালিকের অভিযোগের প্রেক্ষিতে এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার নির্দেশে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা। গরুর মালিক জাকির মিয়া সুনামগঞ্জ থেকে ট্রাকযোগে ৬টি গরু কানাইঘাটে নিয়ে যাচ্ছিলেন।
জাকির মিয়া জানান, ‘সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে গাড়ি-বোঝাই করে ৬টি গরু সিলেটের কানাইঘাট নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে নগরীর আম্বরখানা পয়েন্টে লাঠি হাতে একদল যুবক ট্রাক আটকে গরুগুলো জোরপূর্বক তাদের পশুর হাটে নিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমি এসএমপি কমিশনারের মোবাইল নাম্বারে ফোন করে অভিযোগ করি। পরে পুলিশ অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে আমার জিম্মায় দেয়।’
জানা যায়, নগরীর আম্বরখানাস্থ আবাস হাউজিংয়ের ভেতর অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানো হয়েছিল। ওই হাউজিংয়ের একজন অংশীদার হাট বসানোর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করেন। আম্বরখানায় অবৈধ হাট বসালে ভিআইপি সড়কে যানজটের সৃষ্টি হতো। এতে নগরবাসীকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। অবৈধভাবে হাট বসানোর অভিযোগ পাওয়ার পাশাপাশি গরুর গাড়ি ছিনতাইয়ের খবরে এসএমপি কমিশনারের নির্দেশে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন অবৈধ হাট উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে বলেন, আম্বরখানাস্থ আবাসন হাউজিংয়ের ভেতর অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানো হয়েছিল বলে ওই হাউজিংয়ের একজন অংশীদার হাট বসানোর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে কোরবানির পশুর অবৈধ হাটটি উচ্ছেদ করা হয়।
এদিকে, কোরবানী ঈদকে সামনে রেখে প্রতিবছরই সিলেটের বিভিন্ন জায়গায় অবৈধ পশুর হাট বসে। তবে সিলেটে একটি মাত্র স্থায়ী বৈধ পশুর হাট রয়েছে যেটি সিলেটের কাজিরবাজার হাট। তবে এবার অবৈধ পশুর হাটের ব্যাপারে সরব রয়েছেন প্রশাসন। যে কোন জায়গায় অবৈধ পশুর হাট বসতে দেওয়া যাবেনা বলেও জানিয়েছেন তারা। এমনকি শুক্রবার রাতে অবৈধ পশুর হাটে জোরপূর্বক গাড়ি আটকে গরু ছিনতাইয়ের খবরে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. জেদান আল মুসা বলেন, শুক্রবার অবৈধ পশুর হাটে অভিযান চালানো হয়েছে। এরকম সবখানেই অভিযান চালানো হবে। অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না। যেখানে অবৈধ পশুর হাট বসবে সেখানকার সংশ্লিষ্ট ওসি এর সাথে যোগাযোগ করে জানালেই হবে। তারা দ্রুত পদক্ষেপ নিবে।
প্রতিবছরই কোরবানী ঈদকে ঘিরে অবৈধ অস্থায়ী পশুর হাট নিয়ে ব্যবসায়ী ও সাধারণ জনগনের বরাবরই অভিযোগ রয়েছে। এসব হাটের কারনে তাদেরকে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়। লোকসানও গুনতে হয় ব্যবাসয়ীদের। তার সাথে নগরবাসীর চলাচলে অসুবিধাতো রয়েছেই। অনেক সময় পশুর হাটগুলো বিভিন্ন খোলা জায়গা ছাড়া রাস্তায় চলে আসে। এতে করে যানচলাচলে বিঘ্ন ঘটে এমনকি তীব্র যানজটের সৃষ্টি হয়।

Share





Related News

Comments are Closed