Main Menu

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। ঈদুল আজহা উপলক্ষে এবার ১, ২ ও ৩ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। ৩১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন হলেও পরের ২ দিন, অর্থাৎ ১১ ও ১২ জিলহজেও পশু কোরবানি করার বিধান আছে।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালন করেন। মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা তাদের প্রিয় বস্তু মহান আল্লাহর নামে উৎসর্গ করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজব্রত পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।

এবার ঈদে ১, ২ ও ৩ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। তবে ঈদে ছুটি আরও তিনদিন বাড়িয়ে ছয়দিন করার বিষয়টি আলোচিত হলেও তা এখনও চূড়ান্ত হয়নি।

প্রায় ৪ হাজার বছর আগে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) তার ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকেন।

 

Share





Related News

Comments are Closed