Main Menu

জকিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাওসার আহমদকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইজকান্দি গ্রামের আব্দুল মুতলিবের ছেলে কাওসার আহমদ (২৫) ও আরও ৩ জনের নামও উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

রবিবার (২০ আগস্ট) জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত হিসেবে কিশোরীর কাপড় উদ্ধার করে মামলাটি রেকর্ড করে। তবে পুলিশ এখনও ধর্ষক কাওসার আহমদসহ মামলার এজাহার নামীয় আসামিদেরকে গ্রেফতার করতে পারেনি।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, পুলিশ ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর মায়ের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করেছে। এমনকি পুলিশ তদন্তে ধর্ষণের সত্যতাও পেয়েছে। মামলার এজহার নামীয় আসামিদেরকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। মামলায় কাওসার আহমদ ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় জড়িত থাকায় ৩ জনের নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৮ আগস্ট পৌর এলাকার মাইজকান্দিগ্রামের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা কাওসার আহমদের বিরুদ্ধে। পরে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে কাওসার ও কতিপয় লোকজন। গ্রাম্য কয়েকজন সালিশ ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবারকে আপোস বিচারের নামে মামলা থেকে দূরে রেখেছিল।

Share





Related News

Comments are Closed