Main Menu

রাজধানীতে অভিযানে এক ‘জঙ্গি’ নিহত, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর পান্থপথে একটি আবাসিক হোটেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এক ‘জঙ্গি’ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্কয়ার হাসপাতাল সংলগ্ন ওলিও ইন্টারন্যাশনাল হোটেলে এই অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

অভিযান শেষে ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক জানান, অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে এক জঙ্গি নিহত হয়েছে।

আইজিপি আরও বলেন, জাতীয় শোক দিবসের মিছিলে অত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেই তৎপরতা নস্যাৎ করে দিয়েছে।
তিনি বলেন, ‘১৫ আগস্টে ৩২ নম্বরে আসা মিছিলে আত্মঘাতি হামলার পরিকল্পনা ছিল ওই জঙ্গির। আমাদের গোয়েন্দা পুলিশের তৎপরতায় তার অবস্থান নিশ্চিত হওয়া যায়। ওলিও হোটেলের একটি কক্ষে সে ছিল। ভেতরে সে সুইসাইডাল ভেস্ট পরে আত্মঘাতি বিস্ফোরণ করেছে। এতে ভবনের দেয়াল ও বারান্দার অংশ ধসে পরেছে।’
আইজিপি জানান, নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়। তার বাবা একটি মসজিদের ইমাম। সে খুলনা বিএল কলেজে পড়তো এবং জামায়াত-শিবিরের রাজনীতি করতো।
নিহত সাইফুল নব্য জেএমবি’র কিনা এখনও জানা যায়নি উল্লেখ করে আইজিপি বলেন, ‘তার লক্ষ্য ছিল ৩২ নম্বরের মিছিলে আত্মঘাতি বিস্ফোরণ ঘটিয়ে শতশত লোকের হতাহত করার।’

অভিযান শেষে হোটেলের ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। সেখানে প্রচুর বিস্ফোরক রয়েছে বলে জানা গেছে।

এর আগে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাত থেকে হোটেলটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালানো হয়।

এদিকে, রাজধানীর পান্থপথে হোটেল ওলিও’তে আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন আগস্ট বাইট’- এ নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাঠি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে নিহত ‘জঙ্গি’ সাইফুলের বাবা আবুল খয়ের মোল্লাকে আটক করা হয়।

পুলিশের দাবি, নিহত জঙ্গি সাইফুলের বাবা স্থানীয় ইউনিয়ন জামায়াত নেতা। তিনি ওই এলাকার নবাটি মসজিদের ইমাম। ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন তিনি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন এসব তথ্য জানান।

তিনি জানায়, হোটেল ওলিও’তে নিহত ‘জঙ্গি’ সাইফুলের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাঠি গ্রামে। সে খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র। ৮দিন আগে চাকরির কথা বলে বাড়ি থেকে বের হয় সে ।

ওসি জানান, নিহত ‘জঙ্গি’ সাইফুলের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

Share





Related News

Comments are Closed