Main Menu

কানাইঘাটে সুরমা ডাইকে ভয়াবহ ভাঙ্গন

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে সুরমা ডাইকের সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া অংশে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ওই ডাইকের মাটির রাস্তার কাজ সম্প্রতি শেষ হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চরিপাড়ার নয়াগাঁও গ্রামের একটি অংশের ডাইকে ফের ভাঙ্গনের সৃষ্টি হয়। শুক্রবার ভাঙ্গন কবলিত অংশ ঘুরে দেখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। এসময় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, চরিপাড়া গ্রামের অধিকাংশ বাড়ীঘর ও ফসলী জমি সুরমার ভাঙ্গনে বিলীন হচ্ছে। সুরমার ডাইক ভাঙ্গন ঠেকাতে বর্তমান চেয়ারম্যান মাটি ভরাট, রাস্তা সংস্কারের পাশাপাশি নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। তবে গত কয়েকদিনের পাহাড়ি ঢলের কারণে নয়াগাঁও গ্রামে বড় ধরনের সুরমা ডাইকে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভাঙ্গন ঠেকাতে দ্রুত উদ্যোগ গ্রহণ না করা হলে সাতবাঁক ইউপির বিস্তৃর্ণ ফসলী জমি ও এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিবে বলেও মন্তব্য তাদের।
ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ জানিয়েছেন, ভাঙ্গন রোধে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। ভাঙ্গন ঠেকাতে দ্রুত কাজ শুরু না হলে এলাকায় বন্যা দেখা দেওয়ার পাশাপাশি সুরমা ডাইকের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিতে পারে। এ ব্যাপারে দ্রুত কর্তৃপক্ষকে এগিয়ে আসার তিনি আহ্বান জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed