Main Menu

সিলেটে বন্যার পানি কমছে, খুলেছে ৭০ স্কুল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বন্যার পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। ফলে বন্যা কবলিত ৭টি উপজেলার মধ্যে ৫ উপজেলার ৭০টি স্কুলে পাঠদান শুরু হয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে ১৩৯টি স্কুলের পাঠদান। সেসব স্কুলে বন্যার পানি কমতে শুরু করলে পর্যায়ক্রমে সেগুলোতেও পাঠদান কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, বন্যার পানি বেড়ে গিয়ে বিভিন্ন স্কুলের ভেতরে পানি ঢুকে পড়ে। এমনকি কিছু কিছু স্কুলে যাওয়ার রাস্তা পানিতে ডুবে যায়। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ৭টি উপজেলায় ২০৯টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়। তার মধ্যে এখন ১৩৯টি স্কুল বন্ধ রয়েছে। বাকি ৭০টি বিদ্যালয়ে গত মঙ্গলবার থেকে যথারীতি পাঠদান শুরু হয়েছে। বন্যার পানি কমে গেলে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোও পর্যায়ক্রমে চালু হবে।
এদিকে, সিলেটের বন্যায় প্লাবিত এলাকার পানি নামছে ধীর গতিতে। নদ-নদীর পানিও ঘণ্টায় ২/১ সেন্টিমিটার করে কমছে। জকিগঞ্জের আমলসীদে কুশিয়ারা পানি বুধবার দুপুরে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী এ বছর বন্যায় ৪ হাজার ৪৯১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমতে শুরু করায় বিভিন্ন রোগব্যাধি বন্যা কবলিত এলাকায় ছড়িয়ে পড়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সিলেটের ৮ উপজেলার ৪৬৬ গ্রাম বন্যা কবলিত হয়েছে। এসব এলাকার প্রায় ১৮ হাজার ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বন্যার কারণে বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিতে পারে এমন আশঙ্কায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৭৮টি মেডিকেল টিম কাজ করছে।
এদিকে, গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের সুনামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার।
বুধবার বিকেলে জেলা প্রশাসক বন্যা দুর্গত এলাকার মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং দুর্গত এলাকার মানুষের খোঁজ খবর নেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী, ডিজিএলজি দেবজিৎ সিনহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, ইউপি সদস্য সেলিম আহমদ, মাওলানা আব্দুল করিম কাশেমী, সেলিম আহমদ প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed