Main Menu

সাভারে বাসে আগুন; আহত ১৫

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বিআরটিসির একটি দ্বিতল বাসের ইঞ্জিন থেকে লাগা আগুনে বাসের নিচতলা পুড়ে গেছে। এসময় বাস থেকে নামতে গিয়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসির) সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বিআরটিসির দ্বিতল বাসটি রাজধানীর গুলিস্তান থেকে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। বাসে মোট ৬০ জন যাত্রী ছিল। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনের রাস্তায় হঠাৎ বাসটির ইঞ্জিন থেকে সিটে আগুন লাগে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসের নিচের অংশ পুড়ে যায়। এসময় বাস থেকে নামতে গিয়ে অন্তত ১৫ জন আহত হন। বাসের চালকও জানালা দিয়ে লাফিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে সাভার ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিটন আহমেদ বলেন, ইঞ্জিন থেকে বাসে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে।

 

Share





Related News

Comments are Closed