Main Menu

ভ্যাটের হার ১৫ শতাংশই হবে : অর্থমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক : নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের হার ১৫ শতাংশই হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, “ভ্যাট ১৫ শতাংশ থেকে কমালে সামান্য কমাতাম, কিন্তু সেখানে অনেক সমস্যা হতো।”

শনিবার সচিবালয়ে আসন্ন বাজেট বিষয়ে আলোচনায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “ভ্যাট ১৫ শতাংশ থেকে কমাব না। কারণ শুরু থেকেই এটা আছে।” তবে অনেককে ভ্যাটের আওতা থেকে বের করে নিয়ে আসা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, “এই সরকারের অন্যতম কৃতিত্ব হচ্ছে ৯৫ হাজার কোটি টাকা থেকে বাজেটকে চার লাখ কোটি টাকার বেশিতে নিয়ে যাওয়া।”

বাজেটের আকার কেমন হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “এবারের বাজেট চার লাখ কোটি টাকার চেয়ে কিছুটা বেশি হবে। নির্দিষ্ট অঙ্কটা (ইগজ্যাগট ফিগারটা) বলছি না।”

মানব সম্পদে আগের চেয়ে অনেক বেশি জোর দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,“বরাদ্দ বাড়ানো হচ্ছে। কৃষি খাত আগের মতোই থাকছে।”

এর পরের বাজেট ৫ লাখ কোটি টাকার মতো হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Share





Related News

Comments are Closed