Main Menu

বনানীর ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফ গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের টঙ্গীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা শাখা।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জাহেদুল আলম পিপিএম নাঈম আশরাফকে গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে টঙ্গীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।’

এর আগে এই অপর চার আসামিকে পুলিশ ও র‌্যাব ঢাকা ও সিলেট থেকে গ্রেপ্তার করে।

১১ মে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সিলেট নগরীর পাঠানটুলাস্থ রশীদ ভিলা থেকে আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

এরপর ১৫ মে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাতের দেহরক্ষী রহমতকে গুলশান থেকে ডিবি পুলিশ এবং ড্রাইভার বেলালকে পুরান ঢাকার নবাবপুর থেকে র‌্যাব-১০ গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। সাফাত আপন জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী দিলদার আহমেদের ছেলে। আর সাদমান সাকিফ রেগনাম গ্রুপের মালিকের ছেলে এবং ওই গ্রুপের পরিচালক।

এর মধ্যে সাফাতের বাবার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের নগরগ্রামে।

নাঈম আশরাফ নিজেকে আওয়ামী লীগ নেতার ছেলের বন্ধু বলে পরিচয় দিলেও তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে। মামলার অপর আসামিরা হলেন- সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

Share





Related News

Comments are Closed