Main Menu

এফবিসিসিআইর নতুন সভাপতি সফিউল

বৈশাখী নিউজ ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের সভাপতি হিসেবে বিজিএমইএ থেকে মনোনীত শফিউল ইসলাম মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রথম সহ-সভাপতি গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মুনতাকিম আশরাফ নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংগঠনটির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত ও মনোনীত ৬০ পরিচালক তাকে নির্বাচিত করেন। নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যক্ষ মো. আলী আশরাফ।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ১৭ মে পরিচালক পদের বিপরীতে আপিল করা যাবে। ২১ মে এফবিসিসিআইয়ের নির্বাচনী আপিল বিভাগের পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

নিয়মানুযায়ী, এবার এফবিসিসিআইর ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ২৪টি পদে সরকার মনোনয়ন দেয়, যার ১২টি চেম্বার ও ১২টি অ্যাসোসিয়েশন থেকে।

এদিকে, এবার সমঝোতার মাধ্যমে চেম্বার গ্রুপ থেকে সরকার সমর্থক প্যানেলের ১৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদে গত ১৪ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed