Main Menu

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

বৈশাখী নিউজ ডেস্ক: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব গৌতম বুদ্ধের জন্মোৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ।

গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই ত্রিস্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বুদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সব বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে পরিচিত।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।

যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায় তাদের এ প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এদিকে বাসাবো সবুজবাগ ধর্মরাজী বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা ও বৌদ্ধ পূজা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৌদ্ধ ‘সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পূর্ণিমার চাঁদের আলোয় বোধি বৃক্ষতলে জগৎ আলোকিত করে মানবমুক্তির পথ বের করেন মহামতি গৌতম। লাভ করেন বুদ্ধত্ব। কপিলাবস্তু থেকে শ্রাবস্তী, বৈশালী, চুনার, কৌশাম্বী, কনৌজ, মথুরা, আলবী (বর্তমান নেপাল, ভারত, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান) প্রভৃতি বহু জায়গায় তিনি ৪৫ বছর ধর্মপ্রচার করেন।

জীবনের শেষ অধ্যায়ে তিনি রাজগৃহ থেকে কুশীনগর গমন করেন। কুশীনগরের কাছে পাবা নগরে উপস্থিত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি মল্লদের শালবনে শালগাছের নিচে শয়ন করেন।

তখন আকাশে বৈশাখী পূর্ণিমার চাঁদ উঠেছে। আলোয় চারদিক উদ্ভাসিত। অনন্ত আকাশের তলে যুগ্ম শালবৃক্ষের নিচে সমবেত শিষ্যগণ। তিনি উচ্চারণ করেন মহাবাণী, উত্পন্ন দ্রব্য মাত্রেরই বিনাশ অবশ্যম্ভাবী, অপ্রমত্ত হয়ে কর্তব্য সম্পাদন কর।

বৈশাখী পূর্ণিমাতেই ৮০ বছর বয়সে বুদ্ধ লাভ করেন মহাপরিনির্বাণ। বুদ্ধের মূলমন্ত্র ‘সব্বে সত্তা সুখিতা ভবন্তু/জগতের সকল প্রাণী সুখী হোক’। বুদ্ধ বলেছেন, জগতে কর্মই সব। মানুষ তার কর্ম অনুসারে ফল ভোগ করবে। ভাল কাজ করলে ভাল ফল এবং খারাপ কাজের জন্য খারাপ ফল পাবে। কর্মানুসারে মানুষ অল্প আয়ু, দীর্ঘ আয়ু, জটিল ব্যাধিগ্রস্ত, নীরোগ, বিশ্রী-সুশ্রী, সুখী-দুঃখী, উঁচু-নিচু, জ্ঞান-মূর্খতা ইত্যাদি প্রাপ্ত হয়। মানুষ কর্মের অধীন।

সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যপী কর্মসূচী
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিলেট নগরীর আখালিয়ার নয়াবাজারস্থ ব্রাক্ষণশাসন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭টায় ধর্মীয় জাতীয় পতাকা উত্তোলন, ৯টায় বুদ্ধ পূজা উৎসর্গ, সংঘদান, অটটপরিক্খার দান, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্মদেশনা। সাড়ে ১১টায় ভিক্ষু সংঘের পিন্ডদান, দুপুর ১২টায় মধ্যাহ্ন ভোজ। দিনব্যাপী অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অনুষ্টিত হবে আলোচনা সভা। সন্ধ্যা ৭টায় প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে। সিলেট বৌদ্ধ সমিতি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।

Share





Related News

Comments are Closed