Main Menu

আজ থেকে কলেজে ভর্তির আবেদন শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির আবেদন। অনলাইনে এ আবেদন করা যাবে ২৬ মে পর্যন্ত। গত রবিবার ভর্তি নীতিমালা জারির মাধ্যমে এ সময় নির্ধারণ করা হয়।

নীতিমালায় বলা হয়, সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পাবে শিক্ষার্থীরা। প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনলাইনের ক্ষেত্রে ১৫০ টাকা এবং টেলিটকে ১২০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করতে www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। এছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও আবেদন করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তির এই নীতিমালায় আরো বলা হয়, একজন শিক্ষার্থী যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করবেন, সেখান থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেয়া হবে।

কলেজে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। এরপর আরো দুই দফায় আবেদন গ্রহণ করে নির্ধারিত সময়ে ভর্তির কাজ শেষ করা হবে। আর ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস।

উল্লেখ্য, গত ৪ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ৮টি সাধারণ বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডসহ মোট ১০ বোর্ডের অধীনে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

Share





Related News

Comments are Closed