শিগগিরই আতিয়া মহল বিস্ফোরক মুক্ত করা হবে : বেনজীর আহমদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলকে বিস্ফোরক মুক্ত করে শীঘ্রই পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যবের মহাপরিচালক বেনজীর আহমদ। তিনি আরো বলেন, ভবন থেকে বিস্ফোরক বানানোর সরঞ্জাম ও বেশ কিছু রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। তাছাড়া এখনও বিস্ফোরক ছড়িয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ফলে র্যাবের ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সমন্বয়ে গঠিত ইউনিট সর্বোচ্চ সতর্কতার সাথে পরিষ্কার অভিযান পরিচালনা করছে। এজন্য পুরো অভিযান শেষ হতে আরো কয়েকদিন লেগে যেতে পারে।
শনিবার বিকালে ‘অপারেশন ক্লিয়ার আতিয়া মহল’ পরিদর্শন শেষে র্যাব-৯ কমপ্লেক্সে আয়োজিত প্রেস ব্র্রিফিংয়ে তিনি বলেন, ‘অভিযানের শুরু থেকে পাঁচদিনে এরই মধ্যে ভবনের তিনটি তলা ক্লিয়ার করা হয়েছে। এতে মোট ৯টি আইইডি নিষ্ক্রিয় করা হয়েছে। বাকি দুটি তলায় আরো আইইডি থাকতে পারে। তাছাড়া জঙ্গিরা সিঁড়িতে তারের মাধ্যমে কৌশলে সিরিজ বোমা ছড়িয়ে রেখেছে। এজন্য সতর্কতার সাথে ধীরগতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পুরো অভিযান শেষ হতে আরো কয়েকদিন লেগে যেতে পারে। তবে খুব শিগগিরই ভবনটিকে বিস্ফোরকমুক্ত করার পর তা সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্ধার করা বিস্ফোরক তদন্তের অংশ। কাজেই এসব বিস্ফোরক কোত্থেকে এসেছে-এ বিষয়ে তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। নিহত জঙ্গীদের পরিচয় সম্পর্কেও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আলামত পর্যালোচনা করে তদন্তের পরেই তাদের পরিচয় সম্পর্কে মন্তব্য করা যাবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আতিয়া মহলে অভিযান চলাকালে ভবনটির অদূরে দুই দফা বোমা বিস্ফোরণে নিহত র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে: ক: আবুল কালাম আজাদসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া অভিযানে সহযোগিতা করার জন্য সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদেরকেও র্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে র্যাব-৯ এর অধিনায়ক র্যাব-৯ এর অধিনায়ক লে: কর্নেল আলী হায়দার আজাদ আহমদ এবং র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের লে: কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বিমানযোগে সিলেটে আসেন র্যাব মহাপরিচালক। বেলা সাড়ে ৩টার দিকে তিনি আতিয়া মহল পরিদর্শনে আসেন। এরপর তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে যান। পরে বিকেলে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং র্যাব হেড কোয়ার্টার্সের নির্দেশে গত সোমবার থেকে ‘অপারেশন ক্লিয়ার’ আতিয়া মহল শুরু হয়। র্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সমন্বয়ে গঠিত এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন-লে: কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ। অভিযানের দ্বিতীয় দিনে গত মঙ্গলবার ভবনের ভেতরে প্রাপ্ত দুটি সক্রিয় বোমা (ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস) নিষ্ক্রিয় করা হয়।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ ভোর থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইট পরিচালনা করে। ২৮ মার্চ সন্ধ্যায় অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
অভিযানে চার জঙ্গি নিহত হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়। এর মধ্য থেকে ২৭ এপ্রিল সোমবার এক নারীসহ দুই জঙ্গির লাশ উদ্ধার করা হলেও বাকি দুই জঙ্গির শরীরে ‘সুইসাইড ভেস্ট’ লাগানো থাকায় তাদেরকে উদ্ধার করা যায়নি। পরে অভিযানের ছয়দিন পর ৩ এপ্রিল সোমবার ওই দুইজনের দেহাবশেষ উদ্ধার করে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed