Main Menu

কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারে অভিযানের মধ্যেই কুমিল্লার কোটবাড়ী এলাকায় আরও এক বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলেছে পুলিশ।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই এই জঙ্গি আস্তানার খবর পাওয়া গেল।

কুমিল্লার এসপি শাহ মো. আবিদ হোসেন জানান, বুধবার দুপুরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা কোটবাড়ীর দক্ষিণ বাগমারা বড় কবরস্থানের পাশে তিন তলা ওই বাড়ি ঘিরে ফেলেন।

কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানায় অভিযানে পাওয়া তথ্যেই তারা কুমিল্লার ওই বাড়ির সন্ধান পান।

কোটবাড়ী এলাকাটি কুমিল্লা শহরের এক প্রান্তে হলেও দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই বাড়ি সিটি করপোরেশনের ভেতরেই পড়েছে। পাশেই গন্ধমতী হাইস্কুল বৃহস্পতিবার সিটি নির্বাচনের কেন্দ্র।

কুমিল্লার পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, “ওই বাড়িতে কয়েকজন জঙ্গি আছে এবং তাদের কাছে বোমা থাকতে পারে বলে আমরা ধারণা করছি।”

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, “আমরা এখনও ওই বাসায় ঢোকার চেষ্টা করিনি। গোলাগুলির কোনো ঘটনাও এখনও ঘটেনি।

সিলেটের দক্ষিণ সুরমায় এক জঙ্গি আস্তানায় দীর্ঘ পাঁচ দিনের অভিযান শেষ হওয়ার পর বুধবার ভোর থেকে মৌলভীবাজারের দুটি এলাকার দুই বাড়ি ঘিরে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।

Share





Related News

Comments are Closed