Main Menu

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ১১ মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট একশ’ জন। এরমধ্যে মেয়র পদে ১১জন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮জন মহিলা ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮১জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় সোমবার সকাল থেকেই উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে একে একে আসতে থাকেন প্রার্থীরা। এসময় মেয়র প্রার্থীদের সাথে বিপুল সংখ্যক নেতাকর্মীও ছিলেন। আবার অনেক মেয়র প্রার্থী নীরবে হাতেগোনা কয়েকজনকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়- মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জমিয়ত, আওয়ামীলীগ বিদ্রোহী, সতন্ত্রসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু, জাসদ(ইনু) মনোনীত মশাল প্রতিকের প্রার্থী ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সমশের আলম, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত খেজুর গাছ প্রতিকের প্রার্থী মাওলানা শামীম আহমদ।
এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, প্রবাসী কমিউনিটি নেতা, ব্যবসায়ী বদরুল হক, জামায়াত সমর্থিত প্রার্থী কাজী মোঃ জমির হোসেন ও পৌর আওয়ামীলীগ নেতা আমান উদ্দিন।
ঘোষিত তফশীল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ মার্চ আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৫ এপ্রিল এবং নির্বাচন অনুষ্টিত হবে ২৫ এপ্রিল। নির্বাচনকালীন রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। সহকারী রির্টানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন।
সোমবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, পৌর নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৫ এপ্রিল। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

Share





Related News

Comments are Closed