আতিয়া মহলের জঙ্গি আস্তানায় রাতেই অভিযান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় জঙ্গি আস্তানায় শুক্রবার রাতের যেকোন সময় অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সেনাবাহিনীকে আনা হয়েছে। এই অভিযানে তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা নিতে চাই।
ঘটনাস্থলে শুক্রবার বিকেল থেকেই অবস্থান করছেন সোয়াত বাহিনীর সদস্যরা। এছাড়া বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরাও সেখানে রয়েছেন। পাশাপাশি র্যাব, পুলিশ, ডিজিএফআই, ডিবি, সিটিএসবি, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন। উচ্চক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি নিয়ে দমকলবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান করছেন।
বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটা থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এর আগে ওই এলাকায় ব্লক রেইড দিয়ে আস্তানাটি চিহ্নিত করা হয়। এসময় পুলিশ জঙ্গিদের কক্ষের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে দেয়।
বাড়ির নিচ তলার ফ্ল্যাটের পূর্বদিকের উত্তর কোণের একটি কক্ষে জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের। শুক্রবার সকালে ঘটনাস্থলের পাশের ভবন থেকে কমপক্ষে ৭০ জনকে নিরাপদে জহির-তাহির মেমোরিয়াল স্কুল ভবনে সরিয়ে নেয় পুলিশ।
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশ সদস্যরা শর্টগান থেকে থেমে থেমে গুলি ছুড়ে ও হ্যান্ডমাইক দিয়ে মাইকিং করে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হলেও সন্ধ্যায় আবার বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
‘আতিয়া মহল’ নামের পাঁচতলা ভবনে মোট ৩০টি ইউনিট রয়েছে। জঙ্গিদের ইউনিট ছাড়াও ভবনের বাকি ২৯টি ইউনিটের নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ আটকা পড়েছেন।
আটকেপড়াদের মধ্যে পুলিশ, ব্যাংকার, বেসরকারি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের পরিবার রয়েছে বলে জানা গেছে। জঙ্গি আস্তানার ওই বাড়ির বিদ্যুত লাইন কেটে বাড়ির চার পাশে সিটিকর্পোরেশন বিকল্প আলোর ব্যবস্থা করে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, ‘সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা রাতের যে কোনও সময় অভিযান শুরু করবো।’
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed