Main Menu

সাউথ এশিয়া স্যাটেলাইটে যুক্ত হল বাংলাদেশ

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উদ্যোগে মহাকাশে যে স্যাটেলাইট পাঠানো হচ্ছে, তাতে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাজধানীর বিটিআরসি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও ভারত সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এতে সই করেন।

গত সোমবার ঢাকায় মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর আজ আনুষ্ঠানিক চুক্তি হয়। সেই সাথে এ স্যাটেলাইটে প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, এটি উৎক্ষেপণে ৪০ কোটি ডলার খরচ হবে। এ স্যাটেলাইট প্রায় প্রস্তুত রয়েছে, খুব শিগগিরই উৎক্ষেপণ সম্ভব হবে। সার্কভুক্ত যে দেশগুলো ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ এর সঙ্গে যুক্ত হবে, তাদের মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব হবে।

এই চুক্তির শিরোনাম হল ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্টস অব রিপাবলিক অব ইন্ডিয়া অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ কনসার্নিং টু অরবিট ফ্রিকোয়েন্সি কো-অর্ডিনেশন অব সাউথ এশিয়া স্যাটেলাইট প্রোপোজড অ্যাট ফোর্টি এইট ডিগ্রি ইস্ট’।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ এর ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ এবং তা যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের সমস্ত ব্যয়ভার বহন করছে ভারত সরকার।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ যুগান্তকারী চুক্তির ফলে সার্ক অঞ্চল স্যাটেলাইটের মতো হাইটেক সহযোগিতায় যুক্ত হলাম। শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চলের অন্যান্য দেশও যুক্ত হয়েছে।

ভারতের উদ্যোগে এই প্রকল্পে বাংলাদেশ অংশগ্রহণ করলেও শর্ত দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রমে এই স্যাটেলাইট বাধাগ্রস্ত করতে পারবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট ‘১১৯ ডিগ্রি ইস্টে, আর এটি ৪৮ ডিগ্রি ইস্টে’ বলে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব শহিদুল হক, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার, বিটিআরসি ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed