Main Menu

খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা জেলার অভ্যন্তরীণ রুটে পরিবহন ধর্মঘট আজ সোমবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। আর খুলনা বিভাগের ১০ জেলায় চলমান পরিবহন ধর্মঘট আজ সন্ধ্যায় প্রত্যাহার করা হবে।

খুলনা সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সুবাস চন্দ্র সাহা সাংবাদিকদের এ তথ্য জানান।

২০১১ সালে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাসচালক জামির হোসেনের মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় রোববার থেকে পরিবহন ধর্মঘট শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি। এ ধর্মঘটে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সংগঠনটির ডাকে রোববার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।

Share





Related News

Comments are Closed