Main Menu

ঝিনাইদহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ঝিনাইদহ প্রতিনিধি: চালক জামির উদ্দীনের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এর অংশ হিসেবে ঝিনাইদহে সকাল থেকেই দুরপাল্লার যানবাহন সহ সকল প্রকার বাস, ট্রাক, মিনিবাস সহ সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। ঝিনাইদহ শহরে ধর্মঘটের হাত থেকে রেহাই পায়নি ছোট ছোট গাড়ী সহ ইজিবাইকও।

এদিকে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এসব যানবাহনে চলাচল করা যাত্রীদের। বাস না পেয়ে তারা বিকল্প ব্যবস্থায় নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। অনেকে ধর্মঘটের কথা জানতে না পেরে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।

যশোর যাওয়ার জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে ঝিনাইদহ বাসস্ট্যান্ডে এসেছেন মিজানুর। তিনি এসে দেখেন বাস বন্ধ। তার কাছে জানতে চাইলে তিনি জানান, সকালে যশোর যাওয়ার জন্য এসে দেখি বাস বন্ধ, কিভাবে যশোর যাব বুঝে উঠতে পারছি না।

তিনি বাস ধর্মঘটের কারণ জানার পর অনেকটা ক্ষোভ নিয়ে বলেন,‘কিছু একটা ঘটলেই বাস বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা। অন্যায় করলেও তাদের ব্যাপারে কিছু বলা যাবে না। সরকার কঠোর হলেই এরা সাইজ হয়ে যাবে।
শনিবার যশোরের চাঁচড়া শ্রমিক ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভা থেকে এ ধর্মঘট ডাকা হয়েছে।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গত বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। এরই প্রতিবাদে ঝিনাইদহ সহ খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে পরিবহন শ্রমিকরদের।

Share





Related News

Comments are Closed