Main Menu

কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে উপজেলার শমশেরনগর, ভানুগাছ বাজার, আদমপুর বাজার ও মুন্সীবাজারে বসেছে বিরাট মাছের মেলা। শুক্রবার সকাল ১০টা থেকে বিভিন্ন জাতের বড় আকারের মাছ সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। পৌষ পার্বন উপলক্ষে বড় আকর্ষণ থাকে বাজার থেকে পছন্দ মত বড় আকারের মাছ কিনে খাবার তৈরী করা। শুক্রবার দুপুরে শমশেরনগর বাজারে মাছের মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি মাছের দোকানে সামান্য ছোট আকারের মাছ সাজিয়ে রাখা হলেও সংগ্রহে রাখা হয়েছে নানা জাতের বড় আকারের মাছ। চিতল, রুই, কাতলা, বোয়াল, মৃগেল, পাঙ্গাস, আইড়, ব্রিগেট, বাঘ মাছ, ঘাস কার্পসহ নানা জাতের সামুদ্রিক মাছ। কিছু কিছু দুর্লভ মাছ যে গুলো সহজে হাট বাজারে পাওয়া যায় না এমন মাছও সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বিক্রেতারাও বেশ চড়া দাম হাকাচ্ছেন। শমশেরনগর মাছের মেলায় ২০ কেজি ওজনের একটি বাঘ মাছের দাম নির্ধারণ করেন বিক্রেতা ৪৫ হাজার টাকা। ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছের দাম ছিল ১৫ হাজার টাকা। ১০ কেজি ওজনের একটি রুই মাছের দাম ছিল ১২ হাজার টাকা।
ক্রেতা প্রেমানন্দ দেবনাথ, প্রমথ পাল পিনাক, নুরুল মোহাইমীন, আলমগীর হোসেন, খায়রুল আমীন, মুজিবুর রহমান, গোপাল বর্মা জানান, এ উৎসবে বাজারে নানা জাতের বড় আকারের মাছ উঠে। এটি দেখারও একটি বিষয় থাকে। দাম বেশী হলেও পরে দরাদরি করে কিনে নিতে হয়।
মাছ বিক্রতা মানিক মিয়া, মারুফুর রহমান মুকুল, আমির হোসেন বলেন, দাম বড় কথা নয়। মূলত ক্রেতাদের আকর্ষিত করে এমন বড় আকারের মাছ সরবরাহ করা হয় মাছ মেলায়। যদিও বেশ চড়া দাম বলা হলেও ক্রেতারা দরাদরি করে পড়ে সহনীয় পর্যায়ে হলে কিনে নিচ্ছেন।
মাছের আড়ৎদার আব্দুল মিয়া বলেন, আগের চেয়ে এখন দেশীয় মাছের সরবরাহ অনেক কমে গেছে। সাধারনত বাজারে এত বড় আকারের মাছ উঠে না। পৌষ সংক্রান্তি উপলক্ষে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের হাওর, বাওর, বিল ও বড় নদী থেকে ধরে আনা বড় আকারের মাছ এ বিশেষ দিনের জন্য সরবরাহ করতে হয়। তাই প্রতি বছরের ন্যায় এবারও তারা বাজারের নানা জাতের বড় আকারের মাছ সরবরাহ করেছেন। মাছ মেলায় শুক্রবার গভীর রাত এমনকি শনিবার পর্যন্ত এ বিক্রয় চলবে বলে আড়ৎদার জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code