গবেষণায় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান শাবি
বৈশাখী নিউজ ডেস্ক : বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা করে আসছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর বাইরে একই ধরনের গবেষণা করছে অন্যান্য প্রতিষ্ঠানও। প্রতিষ্ঠানগুলোর গবেষণা, উদ্ভাবন ও সমাজে এর প্রভাব বিবেচনায় নিয়ে প্রতি বছরই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে আসছে স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস।
চলতি বছর প্রকাশিত তালিকায় স্থান পেয়েছে বিজ্ঞান গবেষণায় নেতৃস্থানীয় বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১০টিই শিক্ষাপ্রতিষ্ঠান। তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যথারীতি এবারো শীর্ষে রয়েছে আইসিডিডিআর,বি নামে পরিচিত চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চ। আর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ তালিকায় সবার উপরে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। প্রথমবারের মতো তালিকায় স্থান পেয়েই বাজিমাত করে প্রতিষ্ঠানটি।
এর পরের স্থানগুলো যথাক্রমে দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
স্পেনের বেশ কয়েকটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত হয় সিমাগো রিসার্চ গ্রুপ। আর একাডেমিক জার্নালের ডাটাবেজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্কপাস।
তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের কমপক্ষে ১০০টি গবেষণা বিভিন্ন জার্নালে প্রকাশ হয়েছে, সেসব প্রতিষ্ঠানকেই বিবেচনায় নেয়া হয়েছে। সিমাগো রিসার্স গ্রুপ ও স্কপাস জরিপের ক্ষেত্রে আটটি বিষয়কে গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে আউটপুট বা প্রতিষ্ঠান থেকে কতটি প্রকাশনা বের হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা, প্রকাশনার গুণগত মান, স্পেশালাইজেশন ইনডেক্স বা প্রকাশনার ওপর মনোযোগ, এক্সিলেন্স হার বা প্রকাশনাগুলো শীর্ষ ১০ শতাংশ জার্নালে কী হারে প্রকাশ হয়েছে।
এসব মানদণ্ডের ভিত্তিতে বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্সের সেন্টার ডি লা রিসার্চ ফর সায়েন্টিফিক। চীনের একাডেমি অব সায়েন্সেস রয়েছে দ্বিতীয় স্থানে। আর শীর্ষ পাঁচের মধ্যে এর পরের তিনটি স্থানেই রয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি প্রতিষ্ঠান। এগুলো হলো— হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ও গুগল ইনকরপোরেশন।
ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ্বর্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ৯৯তম। তালিকায় স্থান পেয়েছে দেশটির মোট ২৪২টি প্রতিষ্ঠান। ভারত ছাড়া এ তালিকায় পাকিস্তানের ২৩টি, শ্রীলংকার চারটি ও নেপালের একটি প্রতিষ্ঠান রয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed