Main Menu

সিলেটে মাছ বিক্রেতা খুনের ঘটনায় গ্রেফতার ৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক মাছ বিক্রেতাকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এরা সবাই সক্রিয় ছিনতাইকারী বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা গালিমপুর গ্রামের জমশেদের ছেলে পলাশ মিয়া (২৮), একই থানার আলমপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আলতাব উদ্দিন (৩১), বিয়ানীবাজার থানার মাতিউরা গ্রামের মৃত বশারত আলীর ছেলে বর্তমানে কদমতলী বাস টারর্মিনাল এলাকার বাসিন্দা আলী হোসেন (৩৫), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া গ্রামের আয়াত আলীর ছেলে বর্তমানে দক্ষিন ক্বীব ব্রীজের নিচের মুক্তার মিয়ার কলোনীর বাসিন্দা মোঃ আলা উদ্দিন (৩০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার লৌহগাঁও গ্রামের গোলাপ মিয়ার ছেলে বর্তমানে মুক্তার মিয়ার কলোনীর বাসিন্দা জাকির মিয়া (২৩) ও জকিগঞ্জ থানার পলাশপুর গ্রামের হাসিম আহমদের ছেলে বর্তমানে নগরীর দক্ষিণ সুরমা মোমিনখলা এলাকার বাসিন্দা দুদু আহমদ (২৬)।
পুলিশ জানায়, বুধবার নতুন রেলওয়ে স্টেশন বাইপাস লিংক রোডের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪৮)। তিনি হবিগঞ্জ সদর থানার আহমেদনগর গ্রামের মৃত রইছ উল্লার ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে দক্ষিন সুরমার বরইকান্দি এলাকার রায়েরগ্রামের মুজিব মিয়ার ভাড়াটে বাসায় বসবাস করে ফেরি করে মাছ বিক্রি করতেন।
এ ঘটনায় নিহত আঃ রাজ্জাকের ছেলে মোঃ সুজন মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ উল্লেখিত ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রিপন দাস জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বুধবার ওই মামলায় সন্দেহমুলক ভাবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, এ ঘটনার ক্লু উদঘাটনের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Share





Related News

Comments are Closed