Main Menu

গোয়ালাবাজারের ৫ নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচন ৩১ অক্টোবর

ওসমানীনগর সংবাদদাতা : সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পুননির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে ফের হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। গত ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে এ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ার কারণে আগামী ৩১ অক্টোবর এখানে আবারও পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র গোটা এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
প্রার্থীরা শেষ মুহূর্তে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন। নানা কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। এলাকায় পুনরায় নির্বাচনকে ঘিরে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র বইছে আলোচনার ঝড়।
পূর্বের নির্বাচনে সমান সংখ্যক ভোট পাওয়া প্রার্থীরা পূর্বের বরাদ্দকৃত প্রতীক নিয়ে ৩১ অক্টোবর নির্বাচেনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, তালা প্রতীক নিয়ে আব্দুল গফফার ছলিম ও ফুটবল প্রতীক নিয়ে ইমান আলী ইমন। ২৮ মে নির্বাচনে আব্দুল গফফার ছলিম ও ইমন আহমদ ঈমান সদস্য পদে ৪০১ ভোট পেয়েছিলেন।

এ ওয়ার্ডের মোট ১৩৯৫ জন ভোটার আগামী ৩১ অক্টোবর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাই প্রচারণায় দুই প্রার্থীই সরব রয়েছেন। আব্দুল গফফার ছলিম তালা মার্কায় ও ইমন আহমদ ঈমান ফুটবল মার্কা নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। ইতোমধ্যে দুই প্রার্থীর ব্যানার ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকা। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে রাতদিন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী।

ইমন আহমদ ঈমানের কাছে নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জনগণ ২৮ মে নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন। আমি আশাবাদী, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আগামী ৩১ অক্টোবর ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
অপর প্রার্থী আব্দুল গফফার ছলিম বলেন, জয়-পরাজয় বড় কথা নয়; আমি জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই। জনগণ আমাকে ভালোবেসে পূর্বেও ভোট দিয়ে এই ওয়ার্ডের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছিল। গত ২৮ মে আবারও ভোট দিয়ে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে আগামী ৩১ অক্টোবরও জনগণ আমাকে ভোট প্রদান করে এই ওয়ার্ডের পুনরায় জনপ্রনিধিত্ব করার সুযোগ প্রদান করবেন বলে আমি আশাবাদী।

রির্টানিং কর্মকর্তা দায়িত্বে থাকা ওসমানীনগর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন বলেন, আগামী ৩১ অক্টোবর গোয়ালাবাজার ইউপির ৫ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ করা হবে। সে জন্য ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed