Main Menu

ওসমানীনগরে দুই শিশুর দাফন সম্পন্ন, পরিবারে মাতম

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামনি গ্রামে নিহত দুই শিশু রুজেল আহমদ (১১) ও মামুনের (৭) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় নামাজে জানাজা শেষে চিন্তামনি করব স্থানে তাদেরকে দাফন করা হয়।
এদিকে, এক সাথে দুই শিশুর খুনের ঘটনায় আত্মীয়-স্বজনদের মধ্যে মাতম চলছে । তাদের ক্রন্দনে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। লাশ দেখতে মঙ্গলবার এলাকার শত শত লোকজন বাড়িতে ভিড় করেন। লাশের পাশে ক্রন্দনরত অবস্থায় বার বার মুর্চ্ছা যাচ্ছেন মা নুরবী। মাকে আকড়ে ধরে ২য় শ্রেণীর শিক্ষার্থী নিহতদের বোন তানজিলা (৮) নির্বাক তাকিয়ে আছে। এ দৃশ্য দেখে কেউই কান্না থামাতে পারছে না।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু দুটির পিতা ছাতির আলী মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন ধরে স্ত্রীর সাথে তার ঝগড়া বিবাদ চলছিল। এ বিরোধের জেরেই ছাতির দুই শিশু পুত্রকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
শিশুদের মা নূরবী বেগম কান্না জড়িতে কণ্ঠে বলেন, মাছ ধরার কথা বলে আমার দুই ছেলেকে বাড়ি থেকে নিয়ে হত্যা করেছে আমার স্বামী। আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। সে কৌশলে আমার সোনার মনিদের খুন করেছে।

দুই পুত্রকে হারিয়ে মা নুরবী বেগমের বিলাপ।
দুই পুত্রকে হারিয়ে মা নুরবী বেগমের বিলাপ।

নিহত শিশুদের দাদা আফরোজ আলী বলেন, ছাতির দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছে। এ রোগ নিয়ে আমরা তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসাও করিয়েছি। কিন্তু কাজ হয়নি। আমার ধারণা, সে নিজেই তার পুত্রদের খুন করে পালিয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আউয়াল চৌধুরী জানান, নিহতের স্বজনরা এ ঘটনায় লিখিত কোন অভিযোগ না দেয়ায় মামলা রুজু করা হচ্ছে না। নিহত শিশুদের পিতা ছাতির আলীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (২৪ অক্টোবর) দুপুরে শিশুদের পিতা ছাতির আলী মাছ ধরার যন্ত্রপাতিসহ তার দুই পুত্র মোমিন ও রুজেলকে নিয়ে মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত ছেলেদের নিয়ে বাড়িতে না ফেরায় ছাতির আলীর স্ত্রী নুরবি বেগম ছেলেদের খোঁজে বাড়ি থেকে বরে হন। অনেক খোঁজাখুঁজির পর পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৭টার দিকে গ্রামের পার্শ্ববর্তী ডোবায় লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। লাশের গাঁয়ে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকে ছাতির আলী পলাতক রয়েছেন।

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed