Main Menu

বিশ্বনাথে বাজারের নৈশপ্রহরী খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মসজিদের ওজুখানায় খুন হয়েছেন এক নৈশপ্রহরী। ফজরের নামাজ পড়তে মসজিদে আসা মুসল্লিরা ওজুখানায় তার রক্তাক্ত লাশ খুঁজে পান। শুক্রবার ভোরে উপজেলার নয়া বাজার মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আজদর আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গন্না গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাজারে অস্থায়ীভাবে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজদর আলী দীর্ঘদিন ধরে সপরিবারে বিশ্বনাথে বাস করছিলেন। বাজারে অস্থায়ীভাবে নৈশপ্রহরীর দায়িত্বও পালন করছিলেন। শুক্রবার ভোরে বাজারের মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা মসজিদের ওজুখানায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা, ফজরের নামাজ পড়ার জন্য ওজুখানায় ওজু করার সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি জানান, নিহত আজদর আলী দীর্ঘদিন ধরে স্বপরিবারের বিশ্বনাথে বসবাস করে আসছে। শুক্রবার ফজরের নামাজ পড়তে সে হয়ত বাজারের মসজিদের ওজুখানায় যায়। সেখানে তাকে দুর্বৃত্তরা দারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলে মারা যায়।

এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা অযুখানার পাশে আজদর আলীর মৃতদেহ দেখতে পান। নিহতের শরীরের কয়েকটি দারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে ধারনা করা হচ্ছে ফজরের আযানের পরপরই তাকে দারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করেন। তবে কি কারণে নৈশপ্রহরীকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Share





Related News

Comments are Closed