Main Menu

কোম্পানীগঞ্জে ডাকাত সর্দার রফিক গ্রেফতার, ওসিসহ আহত ৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :সিলেটের কোম্পানীগঞ্জে মঙ্গলবার রাতে ডাকাত-পুলিশ গোলাগুলির পর একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ডাকাত সর্দার রফিককে গ্রেফতার করেছে পুলিশ। রফিক ১৫টি ডাকাতি ও খুনের মামলার আসামী। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলমসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৫-২০ জনের একদল ডাকাত রাত ৯টার দিকে ডাকাতির উদ্দেশ্যে কলাবাড়ি এলাকায় ভোলাগঞ্জ ধলাই সেতুর পূর্ব পারে জমায়েত হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েস আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে আহত হন ৫ পুলিশ সদস্য।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশের হামলায় ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত সর্দার রফিক মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত ডাকাত নয়াগাঙ্গের পাড়ের মৃত কালাই মিয়ার পুত্র। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১৫টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ডাকাত দলের ছররা গুলি ও পাথর নিক্ষেপে আহত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েস আলম, এস আই রাশেদুল আলম খান, এস আই মোয়াজ্জেম হোসেন, এস আই শফিকুল আলম ও কনস্টেবল বিল্লাল আহমদ। আহতদের মধ্যে এস আই রাশেদুল আলম ও কনস্টেবল বিল্লালকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েস আলম ডাকাতদের লক্ষ্য করে ২৩ রাউন্ড গুলি ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ডাকাতদলের সদস্য রফিক ১৫টি ডাকাতি ও খুনের মামলার আসামি। এ ছাড়া, পুলিশ ডাকাত দলের ব্যবহৃত ছুরি, রামদা, বল্লম, ডেগার ও মুখোশ উদ্ধার করেছে। ডাকাত রফিককে বুধবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed