Main Menu

বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

বৈশাখী নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় দেবী বোধনের মধ্যদিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। আর এতে করে বাঙালির সমাজ-সংস্কৃতি আর ঐতিহ্যের চিরচেনা রূপটি দেবী দুর্গার মধ্যে ফুটে ওঠে। অসুর বধের জন্যই দেবীর আগমন মর্ত্যে। পৃথিবীর শান্তি সমৃদ্ধি আর কল্যাণে ভক্তরা মেতে উঠেন দশভুজা দুর্গার আরাধনায়।

হিন্দু ধর্মশাস্ত্র মার্কণ্ডেয় পুরাণের অংশ চণ্ডী— আর এ চণ্ডীতেই বর্ণিত হয়েছে দেবী দুর্গার মহিশাসুর বধ কাহিনী। দেবকুলে মাঘ থেকে আষাঢ়- এ ছয় মাস দিন যাকে বলে উত্তরায়ণ, আর শ্রাবণ থেকে পৌষ এ সময় রাত যা দক্ষিণায়ন। লংকার রাজা রাবণকে বধের জন্য রামচন্দ্র দক্ষিণায়ন সময়কাল, আশ্বিন মাসে দেবী দুর্গার আহ্বান করে।

মূলতঃ ষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়েই শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। কিন্তু এবার তিথি অনুযায়ী পঞ্চমীতে হয়েছে দেবী বোধন। এর মধ্য দিয়েই দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছে মর্ত্যলোকে। শুক্রবার সকালে হয়েছে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ।

শনিবার সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ, মূল পূজা শুরু হবে মণ্ডপে। রোববার অষ্টমী, এদিন রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা। সোমবার নবমীতে আরতি আর মঙ্গলবার দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

উৎসব চলাকালে পূজার প্রতিদিনই অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতির আয়োজন করা হবে। এছাড়া, মন্ডপে মন্ডপে আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। দেশের অন্যান্য স্থানের ন্যায় সিলেটেও বিপুল উৎসাহ উদ্দীপনায় দুর্গোৎসব উদযাপিত হবে।
এবার সিলেট বিভাগে পারিবারিক, বারোয়ারি ও সার্বজনীন পূজামন্ডপ (স্থায়ী ও অস্থায়ী) ২৪৫৩টি। বিভাগে গত বছর থেকে এবার ৪৯টি পূজা বেড়েছে। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে পূজা বাড়লেও কমেছে মৌলভীবাজারে। এ বছর সিলেট জেলায় বেড়েছে তিনটি পূজা। জেলায় সার্বজনীন, বারোয়ারি ও পারিবারিক পূজা ৫৮৬টি। এর মধ্যে মহানগরীতে সার্বজনীন পূজা ৪৫টি ও পারিবারিক পূজা ১৯টি, সদর উপজেলায় ৪৯টি, দক্ষিণ সুরমায় ২৩টি, গোলাপগঞ্জে ৬৪টি, বালাগঞ্জে ৩০টি, কানাইঘাটে ৩৪টি, জৈন্তাপুরে ২০টি, গোয়াইনঘাটে ৩৮টি, কোম্পানীগঞ্জে ২৭টি, বিশ্বনাথে ২৪টি, ওসমানীনগরে ৩২টি, ফেঞ্চুগঞ্জে ৩৭টি, বিয়ানীবাজারে ৫১টি ও জকিগঞ্জে ৯৩টি পূজামন্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
মৌলভীবাজারে এবার পূজামন্ডপ কমেছে ১৬টি। গত বছর ছিল ৯০৫টি। এবার তা কমে দাঁড়িয়েছে ৮৮৯টিতে।
সুনামগঞ্জে এবার ৪৮টি পূজা বেড়েছে। গত বছর ছিল ৩০২টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০টিতে।
হবিগঞ্জে এবার পূজা বেড়েছে ২৮ টি। গত বছর ছিল ৬০০টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮টিতে।
মহানগরীর পূজাগুলোর মধ্যে আকর্ষণীয় হলো দাঁড়িয়াপাড়া, চৈতালী, সনাতন যুব ফোরাম, জল্লারপাড়, কাজলশাহ, লামাবাজার তিন মন্দির, রাজবাড়ী, ত্রিনয়ণী, রামকৃষ্ণ মিশন, বলরাম জিউর আখড়া, গোপালটিলা, যতরপুর, চালিবন্দর, মাছিমপুর মণিপুরীপাড়া ও কুড়িপাড়া, তোপখানা ও গোটাটিকর শিববাড়ি ইত্যাদি।

Share





Related News

Comments are Closed