Main Menu

শাহজালালে ৯ অস্ত্রসহ দুই জার্মান নাগরিক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করেন ঢাকা কাস্টম হাউস ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তারা।

আটককৃতরা হলেন আমিনুল ইসলাম ও মনির বেন আলী। তারা জার্মান পাসপোর্টধারী।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর জানান, সকাল পৌনে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে তারা ঢাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে গ্রিন চ্যানেলে মালামালসহ তাদের তল্লাশি চালানো হয়।

এ সময় একটি কার্টনের ভেতরে মোট ৯টি ‘পিস্তল’ পাওয়া গেছে। এগুলোর ওপর ‘স্মল ফায়ার আর্মস’ লেখা রয়েছে।

কর্মকর্তারা বলছেন, খেলনা পিস্তলের কথা বলে এই অস্ত্রগুলো আনা হয়েছিলো।

অস্ত্রগুলো নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলো তারা।

গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

পরে অস্ত্রগুলো আসল না খেলনা সেটা পরীক্ষা করে দেখার জন্যে র‍্যাবের বিশেষজ্ঞ ডেকে আনা হয়।

র‍্যাবের ওই কর্মকর্তা জানান, অস্ত্রগুলো আসল। তখন তাদেরকে আটক করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে তারা ঢাকায় এসে নামেন মঙ্গলবার সকালে।

এসব অস্ত্র কোথা থেকে এসেছে এবং কোথায় কি কাজে আনা হয়েছে কর্মকর্তারা সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

Share





Related News

Comments are Closed