Main Menu

কোম্পানীগঞ্জে ডাকাতদের হামলায় ব্যবসায়ী খুন, আহত ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারীতে বুধবার রাতে ডাকাতদের হামলায় প্রাণ হারালেন বোমা মেশিনের এক ম্যানেজার। তার নাম বাবলু মিয়া (৩০)। সে নীলফামারী জেলার জলঢাঙা থানার ভাবনচর গ্রামের আব্দুল হামিদের পুত্র। এ ঘটনায় বাবলুর ভগ্নিপতি ও একই এলাকার জহিরুল ও কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিরবাড়ী গ্রামের ছিকন্দর আলীর পুত্র নাজিম আহত হয়েছে। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তর কলাবাড়ীর মৃত আব্দুল বারীর পুত্র সাহাবুদ্দিনের বোমা মেশিনের ম্যানেজার বাবলু এবং আহত অন্য দু’জন রাত সাড়ে ৯টার দিকে ভোলাগঞ্জ কোয়ারী থেকে ফিরছিল। পথিমধ্যে ১০/১২ জনের মুখোশধাী সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় নাজিম ও জহিরুল পালিয়ে প্রাণ বাচাতে সক্ষম হলেও বাবলুকে নির্মমভাবে খুন করে ডাকাতদল। ডাকাতরা বাবলুর সাথে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
এদিকে, ভোলাগঞ্জ কোয়ারী, কলাবাড়ী, দয়ারবাজার ও সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রায়ই ঘটছে চুরি-ডাকাতির ঘটনা। গত ১ আগষ্ট ভোলাগঞ্জ কোয়ারী থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ডাকাতদের কবলে পড়েন তিন শ্রমিক। ডাকাতরা শ্রমিকদের সাথে থাকা মোবাইল সেটসহ সারাদিনের রোজগারের টাকা ছিনিয়ে নেয়। ডাকাতির শিকার তিনজন হলেন উত্তর কলাবাড়ী গ্রামের মৃত হেকিম আলীর পুত্র ইদ্রিস আলী, দক্ষিণ কলাবাড়ী গ্রামের রহিম উদ্দিনের পুত্র ফারুক। আহত অন্যজনের নাম জানা যায়নি।
একই দিন রাতে কলাবাড়ী মাদ্রাসার পাশে ডিজেল ব্যবসায়ী তোফায়েলের দোকান থেকে ৯ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট লুটে নেয় ডাকাতদল। এর আগের দিন রাতে ঢালারপাড় গ্রামের কয়েকজন শ্রমিক ভোলাগঞ্জ থেকে ফেরার পথে ধলাই সেতু এলাকায় ডাকাতদের কবলে পড়েন। এ সময় ডাকাতদল তাদের সাথে থাকা মোবাইল সেটসহ নগদ টাকা নিয়ে যায়। তবে এ ঘটনায় ডাকাতির শিকার শ্রমিকরা থানায় কোন অভিযোগ করেননি।
গত ৫ আগষ্ট কলাবাড়ীর পপুলার স্টোন ক্রাশার মিলে ডাকাতরা হানা দিয়ে নগদ ২৩ হাজার টাকা ও দু’টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এসময় বাঁধা দিলে পিটিয়ে আহত করে মিলের মালিক দেলোয়ারকে।
৮ আগস্ট উত্তর কলাবাড়ীর মমশর আলীর ভূষিমালের দোকানে হানা দিয়ে নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। এ সময় বাঁধা দিলে আহত হন দোকানের মালিক চাঁন মিয়া।
১০ জুলাই দক্ষিণ কলাবাড়ীর বরিশাল স্টোন ক্রাশার মিলে হানা দেয় অস্ত্রধারী ডাকাতদল। ম্যানেজার অনিককে (৩৫) মারধর করে ছিনিয়ে নেয় মিলের ৪ লাখ ৭০ হাজার টাকা।
গত ২৭ জুলাই সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পাথর বোঝাই একটি ট্রাকে লুটের ঘটনা ঘটে। ডাকাতরা চালক আশিক (৪২) ও হেলপার সুমন (১৮) মারধর কে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকায় কোম্পানীগঞ্জে চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। ডাকাতি বৃদ্ধির পাশাপাশি বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠাও। ডাকাতদের কবল থেকে রেহাই মিলছে পুলিশ সদস্যদেরও।
গত ১৭ জুলাই রাত সাড়ে ১০টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকায় টহলে থাকাবস্থায় পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র ডাকাতদল। এ ঘটনায় এসআই শংকরসহ পুলিশের ৪ সদস্য আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড গুলি ছুড়ে।
কোম্পানীগঞ্জে বছরে কতটি চুরি-ডাকাতি-ছিনতাই সংঘটিত হয়, তার সঠিক কোন পরিসংখ্যান নেই। সরকারিভাবে যা রেকর্ডভুক্ত হয়, তা সংঘটিত অপরাধের তুলনায় খুব কম। সংঘটিত এসব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতির ঘটনায় মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালায় পুলিশ। এসব অভিযানে কিছু ডাকাত গ্রেফতার হলেও ডাকাতদের বড় একটি চক্র দিব্যি ঘুরে বেড়ায়। এদের সাথে কয়েকজন পুলিশ কর্মকর্তার ‘সখ্যতা’র অভিযোগ তুলেন এলাকাবাসী। তারা বলেন, ডাকাতির ঘটনাকে অধিকাংশ সময় পুলিশ ডাকাতি বলতে অস্বীকার করছে। তারা ডাকাতির ঘটনাকে চুরি বলে মামলা নিচ্ছে। আবার মামলার এজাহারে ক্ষয়ক্ষতির পরিমাণ পুলিশ কমিয়ে লিখছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম জানান, ভোলাগঞ্জে ডাকাতদের হামলায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। তিনি জানান, ডাকাতদের গ্রেফতারে আমরা প্রতিদিনই অভিযান চালাচ্ছি। আমাদের রীতিমত অভিযানের ফলে এখন ডাকাতি কম হচ্ছে। ডাকাতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed