ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত খুৎবা পড়েননি ইমামরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সবকটি মসজিদে শুক্রবার জুম্মার নামাজে ‘অশান্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ বিষয়ে নির্ধারিত বিশেষ খুৎবা পড়ার বিষয়ে অনুরোধপত্র প্রচার করে ইসলামিক ফাউন্ডেশন। তবে সিলেটের বেশিরভাগ মসজিদই এ অনুরোধ মানেনি, বরং প্রচলিত নিয়মেই খুৎবা পড়েছেন ইমামরা।
সিলেটের সবচেয়ে বড় জুমা’র নামাজ অনুষ্ঠিত হয় দরগাহ-ই-হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে। শুক্রবার দরগাহ মসজিদে জুম্মার নামাজের আগে ওয়াজে সামাজিক অশান্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণের কথা বলা হলেও ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত খুৎবা পড়েননি ইমাম।
নামাজ শেষে গণমাধ্যমকে দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ বলেন, “ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুৎবার অনুরোধ করা হয়েছে, তার কপি পাইনি। তবে আমি ওয়াজ ও খুৎবায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী বিষয়ে উপস্থিত মুসল্লিদের বলেছি।”
এদিকে নগরীর বেশিরভাগ মসজিদের ইমাম নির্ধারিত খুৎবা পাঠ করলেও ওয়াজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে কোন আলোচনা করেননি, ফলে সাধারণ মানুষ বিষয়টি অনুধাবন করতে পারেননি বলে অভিযোগ সচেতন নগরবাসীর।
নগরীর কাজলশাহ জামে মসজিদে জুমা’র নামাজ পড়েছেন সৈয়দ রাসেল। তিনি বলেন, “মসজিদের ইমাম উপস্থিত সবাইকে পারিবারিক ও সামাজিক অশান্তি থেকে দূরে থেকে মিলেমিশে থাকার অনুরোধ করেছেন। তবে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বিষয়ে সরাসরি কোন বক্তব্য দেননি। এছাড়া খুৎবাতে আরবিতে কি বলেছেন তা সাধারণ মুসল্লিদের তো বোঝার কথাও নয়।”
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন আহমদ বলেন, “বৃহস্পতিবার নগরীতে ইমামদেরকে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ই দরগা মসজিদসহ নগরীর প্রায় সব ইমামকে খুৎবার কপি প্রদান করা হয়েছে। সিলেট বিভাগের সবকটি মসজিদে এ খুতবার কপি প্রেরণ করা সম্ভব হয়নি। তবে পত্রিকা ও অন্যান্য মাধ্যমে এ খুৎবাটি প্রচার করা হয়েছে।”
তিনি বলেন, “ইমামরা যদি খুৎবা না পড়েও এ বিষয়ে আলোচনা করেন, তাহলেও ইসলামিক ফাউন্ডেশনের উদ্দেশ্য সফল হবে।”
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed