Main Menu

মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও তিন পিকআপ যাত্রী।

তাদের মানিকগঞ্জ সদর ও গিলন্ড এলাকার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের বাস ও আরিচাগামী পিকআপ এই দুর্ঘটনার কবলে পড়ে।

নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার জিন্নত আলীর স্ত্রী শেফালী বেগম (৫০) ও মেয়ে নার্গিস আক্তার (৩০), বেরঘাটা জয়নগর এলাকার আব্বাস আলীর ছেলে মিজানুর রহমান (৩০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা এলাকার শুকলাল রাজবংশীর ছেলে পরাণ রাজবংশী (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল ছয়টার দিকে ওই এলাকায় বাসের সঙ্গে (ঢাকা মেট্রো ব ১১-২৫৫৫) পিকআপের (ঢাকা মেট্রো ন ১৬-২১০২) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ যাত্রী শেফালী ও নার্গিস নিহত হন।

আহত অবস্থায় মিজানুর ও পরাণসহ তিনজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং দুইজনকে মুন্নু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মিজানুর ও পরাণ মারা যান। তবে বাসের সবাই অক্ষত রয়েছেন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌল্লা জানান, ঘটনাস্থল থেকে বাস আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed