Main Menu

মীর কাশেমের ফাঁসির রায় বহাল

নিউজ ডেস্ক : জামায়াত নেতা ও দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান মীর কাশেম আলীকে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার (৬ জুন) দুপুরে আদালত এ রায় প্রকাশ করেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের মধ্যে দিয়ে দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরুর পথ তৈরি হল।

প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমান সোমবার দুপুরে জানান, “রায়ে বিচারপতিরা সই করেছেন। কিছুক্ষণের মধ্যে ওয়েবসইটে পাওয়া যাবে।”
নিয়ম অনুযায়ী রায়ের এই পূর্ণাঙ্গ অনুলিপি এখন পাঠানো হবে এ মামলার বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করার পর রায়ের প্রত্যায়িত কপি পাঠানো হবে কারা কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। নিয়ম অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করা হবে।
আপিল বিভাগের সর্বোচ্চ সাজার আদেশ হাতে পেয়ে ট্রাইব্যুনাল কারাগারে মৃত্যু পরোয়ানা পাঠাবে। ওই মৃত্যু পরোয়ানার ভিত্তিতেই সরকারের তত্ত্বাবধানে কারা কর্তৃপক্ষ সাজা কার্যকরের প্রস্তুতি নেবে।

অবশ্য দণ্ড কার্যকরের আগে আপিলের রায় পুনর্বিবেচনার সুযোগ পাবেন মীর কাসেম আলী। রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও চাইতে পারবেন।
দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে। তার আগে আসামির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন পরিবারের সদস্যরা।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দুই অভিযোগে মীর কাসেমের মৃত্যুদণ্ড এবং আট অভিযোগে সব মিলিয়ে ৭২ বছরের কারাদণ্ড হয়েছিল।

Share





Related News

Comments are Closed