Main Menu

উত্তরার এক বাসা থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের এক বাসা থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মনোয়ারা বেগম (৬৪)।

১ নং রোডের ১১ নম্বর প্লটের দ্বিতীয় তলা থেকে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই বাড়ির নিচ তলার ভাড়াটিয়ারা এবং নিহতের মেজ ছেলে খালেদ ইউসুফ বাসার দরজা বন্ধ থাকায় বহু সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় উত্তরা পশ্চিম থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে ঘরের দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই মো. মামুন মিয়া জানান, নিহত মনোয়ারা বেগম ওই ফ্লাটে একাই থাকতেন। ছেলে-মেয়েরা আলাদা বসবাস করে। আমরা (পুলিশ) ঘটনাস্থলে গিয়ে ড্রয়িং রুমে ঢুকে দেখি সোফার মধ্যে হেলানো অবস্থায় আছেন তিনি। এসময় তার নাকে আঘাত, ঠোট কাটা, গলায় ৪ থেকে ৫ ইঞ্চি গভীর এবং ডানগালে কাটা চিহ্ন দেখতে পাই।

প্রাথমিকভাবে পুলিশ তার মৃত্যুর বিষয়ে কিছু জানাতে পারেনি। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বলা সম্ভব হবে বলে জানান এসআই মো. মামুন মিয়া।

Share





Related News

Comments are Closed