Main Menu

স্কুল ছাত্রী শামিমাকে বাচাঁতে সাহায্যের প্রয়োজন

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: অর্থের অভাবে এক স্কুল ছাত্রীর চিকিৎসা করাতে পারছেন না পরিবার। মেয়ের চিকিৎসায় সবকিছু ব্যয় করে অসহায় হয়ে পড়েছে ওই স্কুল ছাত্রীর পরিবার।
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের এসএ খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী শামিমা বেগম (১৩)। সে উপজেলার খাজাঞ্চীগাঁও গ্রামের কৃষক কামালউদ্দিন উরফে জবান আলীর মেয়ে।
মেধাবী ছাত্রী শামিমার স্বপ্ন ছিল সে লেখাপড়া করে উচ্চ শিক্ষা অর্জন করবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়াতো দূরের কথা এখন সুস্থ ও সুন্দরভাবে জীবন-যাপন করাটাই তার কাছে আরেকটি স্বপ্ন হয়ে দাড়িয়েছে।
প্রায় ৬ বছর আগে শামিমা যখন স্কুলে ভর্তি হয় তখন থেকেই সে ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। এক পর্যায়ে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মেয়ের অসুস্থতা দেখে হতদরিদ্র কৃষক জবান আলী সহায় সম্পত্তি অনেকটা বিক্রি করে মেয়ের চিকিৎসায় চেষ্টা চালান। পর্যায়ক্রমে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব.) ডা. আমিনুর রহমান লস্কর এর তত্বাবধানে চিকিৎসা শুরু হয়। তিনি অনেক পরীক্ষা-নীরীক্ষার পর জানান, শামিমার হার্ডের পর্দায় একটি ছিদ্র রয়েছে। তাই তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব শামিমাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সষ্টিটিউট অথবা মিরপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করে জরুরী ভিত্তিতে অপারেশনের ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ প্রদান করেন। কিন্ত ব্যয় বহুল এই চিকিৎসা করাতে আরো প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। এই টাকা শামিমার পরিবারের পক্ষে ব্যবস্থা করা কোন অবস্থাতেই সম্ভব হচ্ছে না। বর্তমানে শামিমার শারীরীক অবস্থা আশংকাজনক।
শামিমার পিতা কামালউদ্দিন উরফে জবান আলী জানান, স্ত্রী, ২ ছেলে ও মেয়েকে নিয়ে তার পরিবার। তিনি কৃষি কাজ করে পরিবারের সদস্যদের নিয়ে জিবীকা নির্বাহ করে আসছেন। দীর্ঘ ৬ বছর ধরে তার মেয়ে শামিমা অসুস্থ। মেয়ের চিকিৎসার্থে যা কিছু ছিল তা বিক্রি করে ফেলেছেন ইতিমধ্যে। বর্তমানে একমাত্র ৮শতক ভিটে ছাড়া আর কিছুই নেই তার। মেয়েকে বাঁচাতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু কিছুতেই এই টাকা তার পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। তাই শামিমাকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। যোগাযোগের জন্য শামিমার পিতার মোবাইল নম্বার- ০১৭২৮৮১৫৯৮২, কৃষি একাউন্ট নম্বর ৩৪১৭, ইসলামী ব্যাংক লি:, বিশ্বনাথ শাখা।

Share





Related News

Comments are Closed