Main Menu

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে মেম্বার প্রার্থীর প্রচারপ্রত্র (লিফলেট) বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহত রকিব মিয়া (৩২) উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।

জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আফতাব মিয়া সোমবার দুপুরে সমর্থকদের নিয়ে শশারকান্দি গ্রামে গণসংযোগে বের হয়। এ সময় কয়েজন শিশু তাদের কাছে লিফলেট চাইলে আফতাব মিয়ার সমর্থক শশারকান্দি গ্রামের জাকির শিশুদের কয়েকটি লিফলেট প্রদান করেন। হুড়োহুড়ি করে লিফলেট নেয়ার সময় একারাই গ্রামের দিলবর মিয়ার মেয়ে শিশু মাটিতে পড়ে আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দিলবর মিয়া উত্তেজিত হয়ে জাকিরকে মারধর করেন। এতে জাকির আহত হন। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় লোকজন মীমাংসা করে দেন। এরপর আহত জাকিরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করিয়ে দিলবরের ভাই রকিব রাত আটটার দিকে তাকে বাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথে ওঁৎপেতে থাকা জাকিরের চাচাতো ভাই আখতার, রিপন ও আখলুসহ কয়েকজন রকিবের ওপর অর্তকিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৭টার দিকে রকিব মারা যান।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী হামলা ও রকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed