Main Menu

বজ্রপাতে জকিগঞ্জ ও তাহিরপুরে ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ ও সুনামগঞ্জের তাহিরপুরে সোমবার বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে।
সকালে জকিগঞ্জে বাড়ির পাশে কৃষিকাজ করার সময় বজ্রপাতে নাইম আহমদ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়।
নাইম আহমদ জকিগঞ্জ উপজেলার ইছামতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও মানিকপুর ইউনিয়নের তোপখানা গ্রামের মছন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- নাইম আহমদ সোমবার সকালে বাড়ির পাশে সুরমা নদীর তীরে কৃষিকাজ করছিল। বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে, তাহিরপুর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ফারুক মিয়া(২০)।
সে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সীমান্ত সংলগ্ন উত্তর মোকশেদপুর গ্রামের মজলিশ মিয়ার ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে প্রচন্ড ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। এসময় ফারুক মিয়া তার শোবার ঘরে ঘুমিয়ে ছিল। এসময় হঠাৎ তার উপর বজ্রপাত পড়লে ঘটনার স্থলেই মৃত্যু হয়।
তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে গত রোববার বজ্রপাতে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে ৫ জনের প্রাণহানি ঘটে।

Share





Related News

Comments are Closed