Main Menu

সিলেটে ছাত্রলীগ নেতা নিপু কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে (৩২) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ হিরণ মাহমুদ নিপুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে। দুপুর সাড়ে ১২টায় আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে আদালত সূত্র জানায়।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সমাবেশে হামলা ও সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে রোববার রাত পৌনে ১১টায় শহরতলীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। তার বিরুদ্ধে এমসি কলেজে মারামারি ঘটনায় দায়ের করা একটি মামলায় (নম্বর-২২/২৯.০৪.২০১৪) ওয়ারেন্ট রয়েছে। এছাড়া, কোতয়ালী থানায়ও তার বিরুদ্ধে একটি নন জিআর মামলা (১৬/১৩) রয়েছে।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দক্ষিণ) জানান, নিপুর বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট ছিল। পাশাপাশি থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলাও রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়। গত সোমবার তাকে কোর্টে চালান দেয়া হয় বলে জানান তিনি।
২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে নিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ আরো কয়েকজন আহত হন। এছাড়া, গত এপ্রিল মাসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নিজ অফিসে হত্যার হুমকি দিয়ে আলোচিত হন নিপু। এ ঘটনায় ওই প্রকৌশলী সিলেট কোতয়ালী থানায় একটি জিডিও করেন।
নিপু সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র। বর্তমানে তিনি নগরীর বালুচরে বসবাস করেন।

Share





Related News

Comments are Closed