Main Menu

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৪৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৪৭ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৬৮। এই সময়ে ১ হাজার ১৫২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮০ হাজার ৭৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Share





Related News

Comments are Closed