Main Menu

দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারা সবাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সে সময় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। হালনাগাদের মাধ্যমে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হওয়ায় চূড়ান্ত তালিকায় সংখ্যা বেড়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে।

ইসি সূত্র জানায়, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। গত ২৪ আগস্ট পর্যন্ত এসব আবেদন গ্রহণ করে ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয় এবং ২৮ আগস্টের মধ্যে সংশোধন সংযোজন শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণা করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed