Main Menu

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশু সহ তিনজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশু সহ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় ১৮ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এনিয়ে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জন।

রোববার (৯ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

মারা যাওয়া তিনজনের মধ্যে বর্ণা রাণী দাসের বয়স ১৮ বছর, আর এহসানুল তিন বছর চার মাস ও আয়ানের বয়স ছিলো আট মাস। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়। সম্প্রতি হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৯১ জন। বর্তমানে সিলেটের চার জেলার বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে, প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেক রোগী।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১১৯ জন এবং নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জন। জেলা ভিত্তিক হিসেবে সিলেটে ৪৫ জন, হবিগঞ্জে ১৫ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক দূর্গম এলাকার শিশুরা বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। তবে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed