প্রবাসীর স্ত্রীর ৩০ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে বিল্লাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার (৩ জুন) গভীর রাতে কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বকুলতলার মোড় এলাকা থেকে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানার পুলিশ।
আটক বিল্লাল হোসেন বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগী নারীর বাড়ি মণিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের শংকরপুর এলাকায় বসবাস করেন। তার স্বামী মালয়েশিয়া প্রবাসী।
পুলিশ জানায়, ৮-৯ মাস আগে হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে বিল্লাল হোসেনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিল্লাল হোসেন ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। তবে শুরুতে তিনি রাজি হননি। পরে বিল্লাল হোসেন নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ওই নারীর শংকরপুরের বাসায় একাধিকবার যাতায়াত করেন। নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করতে তিনি ওই নারীকে ঢাকায় নিয়ে গিয়ে বিভিন্ন অফিসে ঘুরিয়ে দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ৩০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন বিল্লাল হোসেন। টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার পর তিনি ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী নারী যশোর কোতোয়ালি থানায় মৌখিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিল্লাল হোসেনের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর শুক্রবার গভীর রাতে কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বকুলতলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন ওই নারীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed