মৌলভীবাজারে পিকআপ চাপায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১২ মে) মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের বাউরভাগ এলাকায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওই কন্যা শিশু বাউরভাগ এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে বলে জানা গেছে। ঘটনার সময় সে তার নানার সঙ্গে ছিল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দিকে চলে যায়।
পরে মিনারা এলাকায় পৌঁছালে গাড়িটি প্রথমে শিশুটিকে সজোরে চাপা দেয়। এরপর নিয়ন্ত্রণহীন অবস্থায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে থামে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পিকআপ ভ্যানের চাকা শিশুটির মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।
এদিকে, ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এলাকার করিম মিয়া অভিযোগ করে বলেন, সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে। তবে কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণ না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে।
তার দাবি, অতিরিক্ত গতি ও ট্রাফিক আইন অমান্যের কারণেই প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। দ্রুত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিয়মিত ট্রাফিক তদারকি এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed