সিলেটে ৪৫দিন তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান, শেষে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক প্রদীপ রায় (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) বালাগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন জলি রানী বিশ্বাস। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
পুলিশ জানায়, প্রদীপ রায় উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রাধাকোনা গ্রামের চিত্তরঞ্জন রায় ও মহামায়া রায়ের ছেলে। ভুক্তভোগী জলি রানী বিশ্বাস (২২) পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের গবিন্দ বিশ্বাস ও লক্ষী রানী বিশ্বাসের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রদীপ একাধিকবার জলির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি পড়াশোনা ও অন্যান্য খরচের কথা বলে তার কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা নেন বলেও দাবি ভুক্তভোগীর।
গত ১ ফেব্রুয়ারি ২০২৬ সুইজগেট এলাকায় দুজনের মধ্যে বিরোধের একপর্যায়ে জলি বিষপান করেন। পরে তাকে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ১৯ ফেব্রুয়ারি প্রদীপ বিয়ের আশ্বাস দিয়ে জলিকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে পরদিনই প্রদীপ ও তার মা বাড়ি থেকে চলে যান। পরে জলি দীর্ঘ ৪৫ দিন ওই বাড়িতে অবস্থান করেন। এ সময় প্রদীপের বাবা তার নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করেন।
অবশেষে বিয়ে না হওয়ায়, ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর উভয় পক্ষ থেকে আবেদন করা হয়। সর্বশেষ ৬ এপ্রিল প্রদীপের বাড়িতে শতাধিক মানুষের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিনয় ভুষণ চক্রবর্তী জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভুক্তভোগী জলি রানী বিশ্বাস জানিয়েছেন, অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed