চাঁদা দাবির ফোনালাপ ফাঁস, ছাত্রদলের সভাপতি বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমানের চাঁদা দাবির একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এ ঘটনার পর তাকে দলটির সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা শাখার অধীনস্থ ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে বহিষ্কার করা হলো।
একই সঙ্গে ওই কমিটির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটির অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে চাঁদা দাবির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রায় ৪ মিনিট ৫ সেকেন্ডের ওই অডিও ক্লিপে বলতে শোনা যায়, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান ফেনী সদরের রামপুর নাসির মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার তাহাদ ইফতুর কাছে মাটি পরিবহনের জন্য ১৬ হাজার টাকা দাবি করছেন। পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর সড়ক দিয়ে আট দিন মাটি পরিবহন করতে হলে এই অর্থ দিতে হবে বলে অডিও তে বলতে শোনা যায়।
জবাবে ইফতু বলেন, ‘নিজ দলের লোক হয়ে যদি টাকা দিয়ে গাড়ি চালাতে হয়, সেটা লজ্জার।
এ সময় নোমান বলেন, এগুলো পোলাপানের চা-নাশতার টাকা, সবাই দেয়’। পাশাপাশি রাত ১০টার পর মাটির গাড়ি চালানোর পরামর্শও দিতে শোনা যায় তাকে। তা না হলে এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
ইফতু প্রশ্ন তোলেন, ‘আমি কি চাঁদা দিয়ে ব্যবসা করব?’ উত্তরে নোমান বলেন, ‘তুই যদি এটাকে চাঁদা মনে করস, কিছু করার নেই।’ অডিওর এক পর্যায়ে ইফতু অভিযোগ করেন, এর আগেও একদিন গাড়ি চালানোর সময় টাকা দিতে হয়েছে।
নোমান দাবি করেন, সেই টাকা তিনি ‘সিনিয়রদের’ কাছে দিয়েছেন এবং ক্লাবের খরচ হিসাব করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে নোমানুল হক নোমান বলেন, ‘ঘটনাটি প্রায় এক মাস আগের।’ তার দাবি, তিনি চাঁদা দাবি করেননি। এলাকার কিছু ছেলে একটি মাটির গাড়ি আটকালে আমি বিষয়টি সমাধান করি। পরে ইফতু নিজেই আমাকে কল করে ব্যবসা চালানোর জন্য টাকা দিতে চায়। আমি শুধু স্থানীয়দের চাহিদার কথা বলেছি, বলেন তিনি।
অন্যদিকে, ইফতেখার তাহাদ ইফতু অভিযোগ করেন, তার কাছে সরাসরি চাঁদা দাবি করা হয়েছে এবং টাকা না দিলে গাড়ি চলতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। মাটি ব্যবসায় জড়িত আরেক নেতা ইফতুর বিষয়ে কোনো নির্দেশনা আসেনি বলে তিনি জানান।
তিনি বলেন, অবৈধ মাটি কাটা ও চাঁদাবাজির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Related News
কুমিল্লায় তাজমিনকে ধানখেতে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাRead More
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More



Comments are Closed